কুমিল্লার লালমাইয়ে তিন বছর বয়সী শিশু সন্তান, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও এক প্রবাসীর স্ত্রী।
উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখেলা বাজারে গত মঙ্গলবার (২২ জুন) এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী ওমর ফারুক ও মেয়ের বাবা নুরুল ইসলাম হালিমা খাতুনের (২৩) সন্ধান চেয়ে নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
প্রত্যক্ষদর্শী ও প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, লালমাই উপজেলার খিলপাড়া গ্রামের দুবাই প্রবাসী ওমর ফারুক ৬ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে করেন পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার সোনাবেরী গ্রামের নুরুল ইসলামের মেয়ে মোসাঃ হালিমা খাতুন (২৩)কে। তাদের সুখের সংসার আলোকিত করে জন্ম নেয় পুত্র সন্তান এমদাদ উল্লাহ (৩)। ভালোই চলছিল তাদের সংসার জীবন। স্বামী বিদেশ থাকার সুবাদে স্ত্রী হালিমা বেগম তার বাবার বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার সোনাবেরী গ্রামে থাকতেন।
গত ২৩ শে জুন বুধবার দুবাই প্রবাসী ওমর ফারুক ছুটিতে বাংলাদেশে আসেন। বাড়ী এসে পরদিন বিকেলেই নিজের স্ত্রী সন্তানকে আনতে শশুর বাড়িতে যান। সেখান থেকে পরদিন ২৫ জুন শুক্রবার দুপুরে স্ত্রী সন্তান সহ যুক্তিখোলা বাজারস্থ মজুমদার সুপার মার্কেটে কেনাকাটা করতে যায় এবং কেনাকাটার একপর্যায়ে হালিমা তার স্বামী ওমর ফারুককে তার পরিচিত দোকান থেকে প্রয়োজনীয় খরচ আনতে পাঠিয়ে সাথে থাকা ব্যাগভর্তি মালামাল, ২ ভরি স্বর্ণালঙ্কার, ২টা মোবাইল ও নগদ টাকা সহ অজ্ঞাত এক যুবকের সাথে পালিয়ে যায়। সাথে ৩ বছর বয়সী শিশু সন্তান এমদাদ উল্লাহকেও নিয়ে যায়।
হালিমার ব্যবহৃত ফোন নম্বরটিতে বার বার ফোন দিয়ে বন্ধ পায় ওমর ফারুক। অনেক খোঁজাখুঁজি করেও স্ত্রী-সন্তানের কোনো খোঁজ না পেয়ে শুক্রবার রাতে প্রবাসী ওমর ফারুক স্ত্রী ও সন্তানের সন্ধান চেয়ে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূ হালিমা খাতুনকে খুঁজে বের করার সব রকমের চেষ্টা চলছে।