কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট খোরশেদ আলমের ছেলে আনাস ইসলাম নুহিন (১০) অবশেষে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেয়েছে।
৯ ই এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টায় অপহরণকারীরা আনাস’কে মাইক্রোবাসে নিয়ে এসে আলেখারচর বিশ্বরোডে ছেড়ে যায়। এর আগেই অপহরণকারীদের চাহিদা অনুযায়ী একটি নগদ নাম্বারে তার পিতাকে পরিশোধ করতে হয় ৩৫ হাজার টাকা।
উল্লেখ্য, কুমিল্লা শহরের ২২ নং ওয়ার্ড নতুন পদুয়ার বাজার বিশ্বরোড আব্দুর সাত্তার কমপ্লেক্সে বাসা ভাড়ায় থাকেন এডভোকেট খোরশেদ আলম। তার সন্তান নগরীর নতুন পদুয়ার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আনাস ইসলাম নুহিন। তার গ্রামের বাড়ি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রাইপুর। গত বৃহস্পতিবার ৮ এপ্রিল বিকেলে দোকানে যাওয়ার কথা বলে বিশ্বরোডের বাসা থেকে বের হয়েছিল আনাস। বেলা শেষ হয়েও বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেও সন্ধান মেলেনি পরে পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের সিসি টিভির ফুটেজে দেখা গেছে অপরিচিত একজন লোক তিশা প্লাস কাউন্টার সংলগ্ন দোকান থেকে একটি আইসক্রিম কিনে দিয়ে আরও একটি আইসক্রিম হাতে নিয়ে তাকে নিয়ে যাচ্ছিল। তবে চেহারা চিহ্নিত করা যায় নি। অপহরণের বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।