কুমিল্লার লাকসামে সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌরভবনের সামনের একটি ভবন থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তার দম্পতির মেয়ে।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, দুই ছেলে-মেয়েকে নিয়ে সিনথিয়ার মা লাকসাম পৌরভবনের সামনে চাচা-ভাতিজা ভবনের চারতলায় ভাড়া থাকতো। গত সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সাথে ফোনে কথা বলছিল সিনথিয়া৷ এ-সময় সময় নষ্ট না করে পড়ালেখা করার জন্য তার মা বকাঝকা করেন। পরে, সিনথিয়া অভিমান করে নিজের কক্ষে গিয়ে কক্ষে দরজা বন্ধ করে দেয়। সকালে বহু ডাকাডাকি করেও কোন প্রকার সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেয় পরিবার। পুলিশ এসে কক্ষের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিনথিয়ার হাতে ব্লেড দিয়ে কাটার কয়েকটি টি চিহ্ন দেখা গিয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।