কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রীতম দত্তের রহস্যজনক ও নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। গতদিন আইফোন নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ঠিক ২৪ ঘণ্টা পর পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে তার নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অপ্রীতম। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালান। নিখোঁজের বিষয়টি পুলিশকেও জানানো হয়। অবশেষে ঘটনার ২৪ ঘণ্টা পর স্থানীয়রা জঙ্গলে অপ্রীতমের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
একটি অবুঝ ও নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করছেন কুবি শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
১৩ বছরের এক কিশোরের সাথে কীভাবে এমন নিষ্ঠুর ঘটনা ঘটতে পারে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। এই নৃশংস ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই।
ঘটনার সঠিক কারণ ও জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।