কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) বৈধ অনুমোদন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফার সান্নিধ্যে এবং দূরদর্শী নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই কুমিল্লার পরিদর্শক দল এবং স্থানীয় পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযানসূত্রে জানা যায়, বাগমারা-ভুশ্চি সড়ক সংলগ্ন ‘তালুকদার সুইটস অ্যান্ড বেকারি’ ও ‘আল মিরা সুইটস অ্যান্ড বেকারি’ দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতিরেকে এবং চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও বেকারি সামগ্রী প্রস্তুত করে আসছিল। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে ‘নিউ আজমির হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।” একই সাথে তিনি ব্যবসায়ীদের প্রতি মুনাফালাভের মানসিকতা পরিহার করে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত এবং প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সকল আইনি অনুমোদন হালনাগাদ রাখার উদাত্ত আহ্বান জানান।