কুমিল্লার লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষা-২০২৬ এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মাদরাসার হল রুমে জামিরা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামিরা মহিলা দাখিল মাদরাসার সুপার মোঃ খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার সাবেক দুইবারের সভাপতি ও ‘দৈনিক একুশে সংবাদ’-এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, মজুমদার এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো: ছায়েদুল হক মজুমদার এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ এনামুল হক মজুমদার।
লালমাই উপজেলার মধ্যে ধারাবাহিক ও সর্বোচ্চ ফলাফল অর্জনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাদরাসার পক্ষ থেকে সাবেক দুইবারের সভাপতি ড. শাহজাহান মজুমদারকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য কেবল তাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান ও জামিরা সমাজকল্যাণ পরিষদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামী দিনেও প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান ধরে রেখে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত দোয়া ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।