রমজানে নিত্যপণ্যের এবং লকডাউনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে আজ ২৩ এপ্রিল, ২০২১ খ্রি. শুক্রবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং কুমিল্লা জেলাপ্রশাসনের সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে সদরের টমছম ব্রিজ ও কুমিল্লা মেডিকেল কলেজ এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অবহেলা দ্বারা সেবাগ্রহীতার স্বাস্থ্যহানী ঘটানো, সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণের মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ০৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১৮,৫০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।