প্রতিনিয়ত দেশ জুড়ে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রদুর্ভাব। অন্যান্য সকল বছরের রেকর্ড অতিক্রম করেছে ডেঙ্গু, মৃত্যু-আক্রান্তের সব রেকর্ড এরই মধ্যে ভেঙেছে। এ সংখ্যা বাড়ছে প্রতিদিন। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলেই এমনটা হচ্ছে। আর তাই মশাবাহিত রোগ ও বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা উন্নতির জন্য একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)।বিশ্বব্যাংক এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করেছে।
প্রস্তাবিত প্রকল্পে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বৈদেশিক গবেষণা বাবদ ১০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। ইন্টিগ্রেটেড ভেক্টর পলিসি ম্যানেজমেন্ট বিষয়ে গবেষণা করতে বিদেশে যাবেন ৬০ কর্মকর্তা। এজন্য অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি, যুক্তরাষ্ট্র, জাপান, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা ব্রাজিলকে বেছে নেওয়া হতে পারে। মূলত ভেক্টর ম্যানেজমেন্টে এসব দেশ সফল হয়েছে। প্রকল্পে ২০টি পাবলিক টয়লেট খাতে খরচ ধরা হয়েছে ৫৮ কোটি টাকা। আর একটি ফগার মেশিন কিনতে ব্যয় সংস্থান করা হয়েছে ৫ লাখ টাকা অথচ বাজারে ১০ থেকে ৫০ হাজার টাকায় ভালো মানের ফগার মেশিন পাওয়া যায়।