ভারত সরকারের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, ‘আমি ভারতের ত্রিপুরায় থাকি যেমন অনুভূতি জামিরায় এসেও তেমনই অনুভূতি হচ্ছে। যদিও আমার জন্ম ভারতে তবে আমার কাছে ভারত-বাংলাদেশ আলাদা কোনো রাষ্ট্র মনে হয় না। মা-বাবা, জেঠা-জেঠীদের কথা বার্তায় মাটির যে একটা টান এটা সবার মধ্যেই আছে এবং আমরাও বাংলাদেশের উন্নয়নে আনন্দিত হই। কষ্টে ব্যাথিত হই। সোমবার তার পৈতৃক নিবাস লালমাইয়ের জামিরায় এসে এমন উক্তি করেন।

সফরকালীন সময়ে তার সঙ্গে ছিলেন ভারতীয় বন্ধু উমা ভট্টাচার্য্য, উপস্থিত ছিলেন লালমাই দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ড. শাহজাহান মজুমদার ও লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার।

জানা যায়, পৈতৃক নিবাস জামিরা গ্রামে হলেও তাঁর জন্ম ভারতের পশ্চিম ত্রিপুরার বড় নারায়ণপুরে। এর আগেও একবার জামিরা গ্রামে এসেছিলেন তিনি। তাঁর বাবা দেবেন্দ্র ভৌমিকের জন্ম বাংলাদেশে হলেও তিনি বিয়ে করেছিলেন ভারতীয় নারী কানন ভৌমিককে। সেই সুবাদে ভারতীয় নাগরিকত্ব লাভ করেন প্রতিমা। চার ভাই-বোনের মধ্যে সবার বড় প্রতিমা ভৌমিক। তিনি ১৯৯১ সালে আগরতলা মহিলা মহাবিদ্যালয় থেকে বায়ো-সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে ভারতীয় রাজনৈতিক দল বিজেপিতে যোগ দেন এবং ধীরে ধীরে মোদী সরকারের অত্যন্ত বিশ্বস্ত হয়ে উঠেন। সেই সুবাদে ২০১৯ সালে পশ্চিম ত্রিপুরা থেকে লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আজকের দিনে ভারত সরকারের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী।