আলোচিত দম্পতি মুশতাক আহমেদ ও তিশাকে বইমেলা থেকে কয়েকজন আনসার সদস্যদের নিরাপত্তায় বের হয়ে যেতে দেখা গেছে।
এসময় তাদের চারপাশ ঘিরে কিছু সংখ্যক দর্শনার্থীদের ‘ভুয়া, ভুয়া’; ‘ছিছি, ছিছি’ দুয়োধ্বনি দিতে শোনা যায়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, একুশে গ্রন্থমেলার নবম দিন বিকেল সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে মিজান পাবলিশার্সের সামনে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। এ সময় ‘তিশার ভালোবাসা’ বইটি কিনতে পাঠকদের উৎসাহিত করছিলেন মুশতাক-তিশা দম্পতি।
হঠাৎ একদল দর্শনার্থী তাদেরকে দুয়োধ্বনি দিয়ে তাড়া করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে ভালোবেসে বিয়ে করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।