কুমিল্লা শহরের ২২ নং ওয়ার্ড নতুন পদুয়ার বাজার বিশ্বরোড আব্দুর সাত্তার কমপ্লেক্সে বাসা ভাড়ায় থাকেন এডভোকেট খোরশেদ আলম। নগরীর নতুন পদুয়ার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আনাস ইসলাম নুহিন। তার গ্রামের বাড়ি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রাইপুর। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। বেলা শেষ হয়েও বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেও সন্ধান মেলেনি তার।
আনাসের বাবা জানান, আমার ছেলে বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল হলুদ রঙের একটি প্যান্ট, মিষ্টি কালার একটি টি-শার্ট। তার বয়স ১০ বছর।
তিনি আরও জানান, পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের সিসি টিভির ফুটেজে দেখা গেছে অপরিচিত একজন লোক তিশা প্লাস কাউন্টার সংলগ্ন দোকান থেকে” একটি আইসক্রিম কিনে দিয়ে আরও একটি আইসক্রিম হাতে নিয়ে তাকে নিয়ে যাচ্ছে। তবে চেহারা চিহ্নিত করা যায় নি। অপহরণের বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান আনাসের বাবা।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, অপহরণকারীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।