কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা পানি ক্ষতিকারক রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে পিপাসা আইসক্রিম ও মারিয়া আইসক্রিম নামে দুটি আইসক্রিম তৈরির কারখানা’কে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ।
অভিযান কালে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার শহিদুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, লালমাই থানার এসআই সাধন চন্দ্রসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ বলেন, এসব নকল আইসক্রিম খেয়ে শিশুরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। আর গরমের সময় আইসক্রিমের চাহিদা বেশি থাকায় ছোট ছোট কারাখানায় উৎপাদিত আইসক্রিমের চাহিদা বেশি থাকে বলে এখানে বিভিন্ন নামী দামী কোম্পানির মোড়কে নিম্ন মানের আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে পিপাসা ও মারিয়া আইসক্রিম কারখানার মালিকদের পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে তৈরির পরিবেশ উন্নত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে পরিবেশ উন্নত করতে না পারলে স্থায়ীভাবে কারখানাকে সিলগালা করা হবে বলে ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়।