কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদে রাতের অন্ধকারে চেয়ারম্যানের রুমের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত সপ্তাহে সরকারি কার্যদিবস অনুযায়ী বৃহস্পতিবার পরিষদে কাজ শেষ করে তালা বন্ধ করে যাওয়ার পর (২০ অক্টোবর) রবিবার সকালে পরিষদে আসলে চেয়ারম্যানের রুমের দরজা খোলা দেখেন ইউপি সচিব ওবায়েদ উল্যাহ। পরোক্ষনে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান এসে দেখেন রুমে থাকা সরকারি ও নিজের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নেই। তাছাড়া, পরিষদের সিসি ক্যামেরা ও ডিভাইস খুলে নেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে ইউপি সচিব ওবায়েদ উল্যাহ বলেন, পরিষদে চুরির ঘটনাটি আজকে এসে দেখেছি সম্ভবত রাতের বেলা চুরি করেছে।
ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, আমার রুমের তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি কাগজ ও আমার পারিবারিক কাগজপত্র সহ রুমে থাকা বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গেছে। বিষয়টি নিয়ে আমরা থানায় ও ইউএনও বরাবর অভিযোগ করবো।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, এই বিষয়ে চেয়ারম্যান সাহেব আমাকে কল করেছে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।