শিক্ষার্থীদের মনোবল বাড়াতে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ খবর নেওয়াতে সামনে পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব পরবে বলে মনে করছেন কেউ কেউ।
বুধবার (৭ এপ্রিল) উপজেলার পাইকপাড়া গ্রামের লিটন মিয়ার মেয়ে লুবাবা, ফেরদৌসীর মেয়ে মিতু আক্তার’কে তাদের নিজ বাড়িতে গিয়ে শিক্ষা উপকরন তুলে দেন ইউএনও হিমাদ্রি খীসা। তারা, দু’জনই উপজেলার সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়াও, হাতিলোটা মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ হোসেন ও তাছলিমা আক্তারের গ্রামের বাড়ি হাতিলোটা গ্রামে গিয়ে তাদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন ইউএনও। এসময়- উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্যাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাইয়ের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আগামী (১০ এপ্রিল) অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলার ৭টি কেন্দ্রর মধ্যে ২৩৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। শতভাগ পাশের হার দরে রাখতে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করছেন ইউএনও। আর তাই উপজেলার বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের বাড়িতে ছুটে যাচ্ছেন তিনি।
এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, পরীক্ষার্থীদের অনেকের বোর্ড পরীক্ষার ভীতি থাকে। এতে করে অনেকে বিদ্যালয়ে ভাল ফলাফল করলেও বোর্ড পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনা। তাই পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে এবং সর্বোপরি আমাদের লালমাই উপজেলায় শতভাগ পাসসহ ভাল ফলাফল অর্জনে উদ্ভুদ্ধ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক খোঁজ খবর নেয়া হয় এবং শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।