উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতাকুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত কক্ষে অতিরিক্ত উইপোকার উপদ্রবের কারণে ক্ষোভ প্রকাশ করে রাত্রিযাপন না করেই স্থান ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি।
জানা যায়, ১১ দলীয় লং মার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে তিনি কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান। পরবর্তীতে রাত ১০টার দিকে তাঁর জন্য নির্ধারিত ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষে প্রবেশ করলে সেখানে প্রচুর উইপোকা দেখতে পান। উইপোকার কারণে সেখানে অবস্থানের পরিবেশ না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের অনুরোধ জানান। তবে সার্কিট হাউস কর্তৃপক্ষ তৎক্ষণাৎ অন্য কোনো কক্ষের ব্যবস্থা করতে পারেনি।
পরবর্তীতে সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব (এপিএস) বিষয়টি বার্তা পাঠিয় (এসএমএস) কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) অবহিত করেন। তবে এর পরও আশানুরূপ কোনো ব্যবস্থা না নেওয়ায় ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সার্কিট হাউস ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জেলা প্রশাসন বা সার্কিট হাউস কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।